মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুজন পুরুষের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশে ‘আলম এশিয়া’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। বাসটি লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশার ভেতরে থাকা তিন যাত্রী গুরুতরভাবে চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে পরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জয় সিংয়ের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। বাকি দুজনের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
লাশগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।