জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চারতলা ভিত্তির একতলা আধুনিক একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বায়েজিদ বোস্তামী, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, মাদ্রাসার সাবেক সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসানুল হাবিবসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষের সংকট দূর করার লক্ষ্যে সরকারি অর্থায়নে নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে। চারতলা ভিত্তির ওপর প্রথম ধাপে একতলা ভবন নির্মাণ করা হবে। ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।
নতুন ভবনটি নির্মাণ সম্পন্ন হলে মাদ্রাসার শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে আরও উন্নত ও আধুনিক পরিবেশ সৃষ্টি হবে বলে জানান তারা।