
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নতুন ও পুরাতন ভবনের বিভিন্ন কক্ষ এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও সেবার মান সম্পর্কে সরেজমিনে খোঁজ নেন।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেন অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। তারা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধসহ অন্যান্য সেবা যথাযথভাবে পাচ্ছেন কি না, সে বিষয়ে রোগীদের কাছ থেকে সরাসরি জানতে চান তিনি।
এ সময় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার বিষয়ে মতবিনিময় করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। রোগীদের জন্য আরও উন্নত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এক্স-রে সেবা দ্রুত চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে অপারেশন থিয়েটার (ওটি) দ্রুত সচল করে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। চিকিৎসাসেবার মানোন্নয়নে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ ছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে রোগী ও স্বজনেরা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন। রোগীর জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা সহজলভ্য ও হয়রানিমুক্ত রাখার ওপর জোর দেওয়া হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পরিদর্শন শেষে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রোমেল হাসানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।