
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৮:২১

রাজবাড়ীর বিভিন্ন কাঁচাবাজারে এখনও কমেনি সবজির দাম। কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতে শুরু করলেও বাজারে অধিকাংশ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচ ও বেগুনের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এবং গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে এখনও উচ্চমূল্যের প্রভাব বজায় রয়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দাম কমছে না।
বাজারে বর্তমানে লম্বা বেগুন প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা এবং গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম জাত ও মানভেদে ৩২০ থেকে ৩৭০ টাকা পর্যন্ত উঠেছে, যা ৪০০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে।
এছাড়া ঢ্যাঁড়স প্রতি কেজি ৭০ টাকা, কাঁকরোল ৯০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, লাউ প্রতিটি ৮০ টাকা, পটল ৮০ টাকা এবং টমেটো ১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শসা, বরবটি, ধুন্দুল ও কচুর লতির দামও তুলনামূলক বেশি রয়েছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হামিদুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আগে যে টাকায় একাধিক ধরনের সবজি কেনা যেত, এখন সেই টাকায় প্রয়োজনীয় সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচ ও বেগুনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে অনেক ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষক সময়মতো জমি থেকে সবজি তুলতে পারেননি। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলেও তারা মনে করছেন।
কৃষি সংশ্লিষ্টদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এবং মাঠ থেকে নিয়মিত সবজি বাজারে আসা শুরু হলে ধীরে ধীরে দামে স্বস্তি ফিরতে পারে। তবে আপাতত উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের ভোগান্তি অব্যাহত রয়েছে।