
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৭:১৭

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
বুধবার রাতের দিকে সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের সমাধি টিলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অজিত পাত্রের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল।
পুলিশ জানায়, এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষ তল্লাশি করা হয়। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজিত পাত্র উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশের সিডিএমএস যাচাই করে দেখা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।

তিনি আরও বলেন, জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ডিবি পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।