টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত শুক্রবার রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট (মিন সি লেভেল), যেখানে হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট। উজান থেকে পানির প্রবাহ, বৃষ্টিপাত এবং হ্রদের পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী স্পিলওয়ের গেট খোলার সময় ও পানির পরিমাণ পরিবর্তন করা হতে পারে। ইনফ্লো বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে আরও বেশি জলকপাট খুলে পানি ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে এবং বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা, নৌযান চালক, জেলে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।