আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। ইতিহাস, শোক, ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা নিয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা কারবালার প্রান্তরে শহীদ হওয়া মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজকদের ভাষ্য, পবিত্র আশুরার এই শোকাবহ দিনে কারবালার সব শহীদকে স্মরণ করতেই তাদের এই আয়োজন।
আয়োজকরা বলেন, তাজিয়া মিছিলের মাধ্যমে তারা সমাজে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে চান। তাদের মতে, শিয়া কিংবা সুন্নি—এ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই মুসলমান, আর এটাই তাদের সবচেয়ে বড় পরিচয়।
আশুরা উপলক্ষে সন্ধ্যায় পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে দোয়া, মোনাজাত ও আশুরা মাহফিলেরও আয়োজন করা হয়েছে। সেখানে কারবালার শিক্ষা, ত্যাগের আদর্শ এবং মানবতার বার্তা তুলে ধরা হবে।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। র্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো মিছিলজুড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।