
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২১:৮

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
অভিযান চলাকালে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে উভয়পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলির ঘটনা ঘটে।
পানছড়ির বরকলক এলাকায় অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের দুই সদস্য আত্মসমর্পণ করে। পরে তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।
সেনাবাহিনীর দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল। আত্মসমর্পণকারীদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত পৃথক অভিযানে গুলি বিনিময়ের সময় সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হন। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান এবং ২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে আরও কিছু সরঞ্জাম ও ব্যবহার্য সামগ্রী জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী তদন্তের জন্য সংরক্ষণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।