কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের ব্রিজে ধাক্কা লেগে খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা’ নামের যাত্রীবাহী বাসটি দমদমিয়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশের একটি ব্রিজে সজোরে ধাক্কা খেয়ে পাশের খালে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পার্শ্ববর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দমদমিয়া বিওপি সদস্য এবং কেরুনতলী কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সহায়তায় আহতদের প্রাথমিকভাবে উদ্ধার করা হয়।
পরবর্তীতে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা বাসের ভেতরে আটকে পড়া কয়েকজন যাত্রীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জামিল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গাড়িতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয় এবং তাদের হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।