মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুই সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত রাজনগর থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জিআর-১২৭/২৩ (রাজনগর) মামলার ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সুকময় বাউরী (৪৫)-কে গ্রেফতার করা হয়।
একই মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আকাশ রাজবর ওরফে কারাইয়া (৩৮)-কেও আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সিআর নং-৩১১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি দুলাল মিয়া এবং রাজনগর থানার একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাতুল ও রোকন মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।