কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৮ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) হোয়াইক্যং বিওপি ও শীলখালী চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি শীলখালী চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় সিএনজির পেছনের সিটে থাকা এক যাত্রীর পকেট থেকে টিস্যু প্যাকেটে মোড়ানো ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম মোঃ রাকিব (২৫)। তিনি মাদারীপুর জেলার সদর থানার মাদরা গ্রামের রশিদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।