ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের সজোরে ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।
নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, তারা সবাই যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন— শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহিদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮) এবং অজ্ঞাত চালক (২৫)।
দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন এবং মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।
শিবচর হাইওয়ে থানার এসআই সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।