পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে একই সময়ে যমুনা সেতু দিয়ে চলাচল করেছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে।