আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পৌর শহরের মাছ বাজার, লেবু বাজার, শাক-সবজি, মশলা, চাল, মাংস ও শুটকির বাজারসহ বিভিন্ন এলাকায় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
অভিযানকালে দেখা যায়, সড়কের ওপর পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা হচ্ছে। এ অপরাধে দুটি চালের আড়ৎকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং একই পণ্য ভিন্ন ভিন্ন দামে বিক্রির অভিযোগে দুইজন মশলা ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন ব্যবসায়ীদের সতর্ক করে জানায়, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলবে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা এবং শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।