স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় দালালবিরোধী অভিযান জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকালে পরিচালিত অভিযানে আটজন রোগীর দালালকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে র্যাব-৮। হাসপাতালের ভেতর ও আশপাশে সক্রিয় দালালদের শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
আটকরা হলেন—মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম। প্রশাসন জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দালালচক্রটি হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রোগীদের বিভ্রান্ত করতো। উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার কথা বলে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হতো। এতে সাধারণ রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।
অভিযানের সময় আটক কয়েকজন স্বীকার করেন, রোগী নিয়ে গেলে তারা কমিশন পেতেন। প্রতি রোগীর জন্য ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দেওয়া হতো। এভাবে সংগঠিতভাবে দালালচক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।
বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য নিয়ে বহু অভিযোগ পাওয়া গেছে। নিয়মিত অভিযান চালানো হলেও তারা আবার সক্রিয় হয়ে উঠতো।
তিনি জানান, ১১ মে স্বাস্থ্য মন্ত্রীর বরিশাল সফরের সময় হাসপাতাল এলাকায় দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি জানান।