রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা-র উজানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মহিদাপুর এলাকা এখনো আধুনিক যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। বৃষ্টির মৌসুম শুরু হতেই কাঁচা রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, উজানচর ৯ নম্বর ওয়ার্ডের চর মহিদাপুর আশ্রয়ন প্রকল্প অভিমুখী প্রায় ১৫০০ মিটার রাস্তা কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই তা কাঁদায় পরিণত হয়েছে। এলাকার অধিকাংশ রাস্তা ইতোমধ্যে এইচবিবি করা হলেও এই অংশটি উন্নয়নবঞ্চিত থাকায় চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয় ঘোড়ার গাড়িচালক মো. মেজেক শেখ জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ফসল আনা-নেওয়াও কঠিন হয়ে পড়েছে। কাঁদা জমে থাকার কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
মুদি দোকানি মো. বাচ্চু খাঁ বলেন, প্রতিদিন কাঁদা মাড়িয়ে দোকানে যেতে হয়। রাস্তার এমন অবস্থার কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, চরাঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে ব্রিজ নির্মাণ ও রাস্তা এইচবিবি করা হয়েছে। মহিদাপুর আশ্রয়ন প্রকল্পগামী রাস্তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল জানান, রাস্তা পরিমাপ করে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর বলেন, বৃষ্টির সময় কাঁদা জমে থাকা রাস্তার ভিডিও তিনি দেখেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, উপজেলার কোনো রাস্তা কাঁচা রাখা হবে না। ধাপে ধাপে সব রাস্তা এইচবিবি ও পাকা করার পরিকল্পনা রয়েছে এবং বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।