“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে পুলিশ সপ্তাহের কার্যক্রম।
রবিবার (১০ মনে) বেলা সাড়ে ৩টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সপ্তাহ উপলক্ষে জননিরাপত্তা জোরদারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনা করা হয়। শহরের নাহার পেট্রোল পাম্প সংলগ্ন মৌলভীবাজার সড়ক, ১০ নম্বর চত্বর, ভানুগাছ সড়কে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা এবং হবিগঞ্জ সড়কের বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে চেক পোস্ট স্থাপন করেছে থানা পুলিশ।
এছাড়াও শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায় পুলিশ সদস্যদের।
দিনের কর্মসূচির শুরুতে শ্রীমঙ্গল থানা ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করা হবে
সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, পুলিশ সপ্তাহ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।