প্রকাশ: ৭ মে ২০২৬, ১০:৫৭

রাজশাহীতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন বিভিন্ন এলাকায় প্রতিদিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, বেলঘড়িয়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। পরদিন ১১ মে রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, জিয়া স্কুল ও বুধপাড়া এলাকায় সংযোগ বন্ধ থাকবে।
১২ মে সুগারমিল ফিডারের আওতায় কাটাখালী বাজার, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার ও বাইপাস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ১৩ মে শ্যামপুর ও গোয়ালপাড়া এলাকার কয়েকটি স্থানে একই সময়সূচিতে কাজ চলবে।

১৪ মে মেহেরচন্ডি ও কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, রেজা কোল্ড স্টোরেজ ও পশ্চিম বুধপাড়া এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। ১৬ ও ১৭ মে বনগ্রাম এবং কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, পাহারপুর ও কাপাশিয়া এলাকার বিভিন্ন স্থানে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।
১৮ মে থেকে ২৩ মে পর্যন্ত কাপাশিয়া, বনগ্রাম, কাটাখালী ও বিহাস ফিডারের অধীনে থাকা বিভিন্ন বাজার, আবাসিক এলাকা ও গ্রামীণ জনপদে পর্যায়ক্রমে কাজ চলবে। এর মধ্যে কাপাশিয়া বাজার, ভাংড়া, কুখন্ডি, কাটাখালী পৌরসভা ও মাসকাটাদিঘী উল্লেখযোগ্য।
এদিকে ২৪ মে পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নেসকো। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।