বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অপর জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় সিপন মালতিয়া (২০) নামের জেলের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সিপন মালতিয়া ও জুয়েল সরদার (২১) নদীতে নিখোঁজ হন।
ঘটনার পরপরই প্রশাসন ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালালেও দীর্ঘ সময় কোনো খোঁজ পাওয়া যায়নি। তিন দিন পর সিপনের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন জুয়েল সরদার।
নিহত সিপন মালতিয়া চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম মালতিয়ার ছেলে বলে জানা গেছে।
হিজলা নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, উদ্ধারকৃত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিখোঁজ জেলেকে উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
নৌকাডুবির ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।