ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকি-চেরুমন্ডল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া।
নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি গ্রামের হাসিনা বেগম (৩৫), তার তিন বছর বয়সী মেয়ে আদিবা এবং দাওগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল চন্দ্র দাস (৬৫)। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মুক্তাগাছা থেকে আসা একটি ট্রাক নির্মাণাধীন সেতুর ডাইভারশন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, নির্মাণাধীন ব্রিজের ডাইভারশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।