মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় দফায় দফায় কালবৈশাখী ঝড় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগরসহ জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে অন্তত চারবার কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রবল ঝড়ে অসংখ্য গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনের ওপর, যার ফলে বহু স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
কমলগঞ্জের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে থাকা তিনটি মোটরসাইকেলও নষ্ট হয়। এছাড়া শমশেরনগর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নসহ জেলার বিভিন্ন স্থানে খুঁটি ভেঙে ও হেলে পড়ার ঘটনা ঘটে। অনেক এলাকায় বিদ্যুৎ লাইনের ওপর গাছ ও বাঁশ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলা, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও শ্রীমঙ্গলসহ সাতটি উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মোট ৯ হাজার ৬২২ কিলোমিটার বিদ্যুৎ লাইনের মধ্যে ১৯টি খুঁটি ভেঙে পড়েছে, ২৩টি খুঁটি হেলে গেছে এবং ২২৫ স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। এছাড়া ৪২১ স্থানে লাইন হেলে পড়েছে, ৫৬টি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৭টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সমিতির জনবল ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা মাঠে কাজ করছেন।