নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজীব ভৌমিক (৩২)। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বাসিন্দা এবং বিকাশ ভৌমিকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ক্যাম্পের একটি বিশেষ দল বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ২০৭.৩৭৫ লিটার।
প্রাথমিক তদন্তে জানা যায়, রাজীব ভৌমিক একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ মজুত করে বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানা-তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অবৈধ মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।