খাগড়াছড়ি পৌর শহরে রেশনিং ব্যবস্থার আওতায় অকটেন বিতরণকে কেন্দ্র করে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী হেমন্ত চাকমা।
সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে শহরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে রেশনিং ব্যবস্থায় জ্বালানি তেল বিতরণ শুরু হয়। প্রতি গ্রাহককে নির্ধারিত নিয়ম অনুযায়ী ৫০০ টাকার অকটেন দেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করেন। ট্যাগ অফিসার হেমন্ত চাকমা তাদের অস্বীকৃতি জানান।
দুপুরে মহাজন পাড়া এলাকায় খাবার খেতে গেলে অভিযুক্ত যুবকরা তাকে দোকান থেকে টেনে বের করে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার একটি হাত ভেঙে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”