ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন ভেরিবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
স্থানীয়দের অভিযোগ, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। তবে উপস্থিত গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।
এলাকাবাসী জানান, পশ্চিম আউরা গ্রামের তালতলা খালে ভেরিবাঁধ না থাকায় প্রতি বর্ষা ও বন্যা মৌসুমে পানি ঢুকে শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গাছপালা, মাছের ঘের, পানের বরজ এবং বসতবাড়িও প্লাবিত হয়। এতে শিক্ষার্থী, নারী ও অসুস্থ রোগীদের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
দীর্ঘদিনের দাবির পর সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার ভেরিবাঁধ নির্মাণকাজ শুরু করে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন নির্মাণকাজে বাধা দেওয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।
নির্মাণকাজ দ্রুত পুনরায় চালুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বাধ্য হয়ে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মো. গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার ও গৃহিণী মাসুমা বেগম। বক্তারা দ্রুত ভেরিবাঁধ নির্মাণ সম্পন্ন করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।