দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ’ পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সময় বাসটির সামনের অংশে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ছয়জনকে গুরুতর অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন যাত্রী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে চলে যান বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাস ও বালুবাহী ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।