ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইতি চক্রবর্তী (৩৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন বাস যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) ভোরে বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গর্তে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত যাত্রীদের বাস থেকে বের করে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
পরে আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে এবং চালক ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়ক নিরাপত্তা জোরদার ও চালকদের সতর্কতার ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।