চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে ট্রেনটির পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ পাওয়ার কার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি বা ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধারের কাজ চলছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।