মাদারীপুরে দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন-এর চরলক্ষীপুর গ্রামে।
আহতরা হলেন—একই এলাকার আদালতি মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর (৬০), তার ছেলে বাতেন মাতুব্বর (৩০), মৃত তারা মাতুব্বরের ছেলে আব্বাস আলী মাতুব্বর এবং পলি আক্তার। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে দাদন মাতুব্বরের নাতনি মুক্তা আক্তারের সঙ্গে একই এলাকার হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার বিয়ে হয়। তবে পারিবারিক কলহের কারণে গত এক বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এই পরিস্থিতিতে সোহেল মোল্লা গোপনে দ্বিতীয় বিয়ে করেন এবং পরে বিদেশে চলে যান।
বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে মুক্তার পরিবারের সদস্যরা সোহেলের বাড়িতে গিয়ে দ্বিতীয় বিয়ের বিষয়ে জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সোহেলের নানা আজাহার মাতুব্বরের নেতৃত্বে একদল লোক মুক্তার পরিবারের ওপর হামলা চালায়। এতে নারীসহ চারজন গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আহতদের চিকিৎসা চলছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।