প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সকালে স্থানীয় জোন অফিসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন কোম্পানির কর্মকর্তা, কর্মী, গ্রাহক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনের শুরুতেই গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখ পর্বের মাধ্যমে উদযাপন শুরু হয়। শতাধিক গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী সরাইল জোন অফিসে উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশে এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন। আয়োজকরা জানান, এমন আন্তরিকতা ও ভালবাসা নিয়েই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে এই প্রতিষ্ঠান।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং কর্মকর্তা সুদীপ দত্ত তনু জানান, কোম্পানির ৪১ বছর পূর্তি আমাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি বলেন, সরাইল জোনে গত ৩৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছি এবং বর্তমানে এখানে প্রায় ৪৫ হাজার গ্রাহক ও এক হাজার কর্মী রয়েছেন।
তিনি আরও বলেন, এই দীর্ঘ যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পেরেছি। ভবিষ্যতেও এমন সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি সরাইলবাসীর সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, চিকিৎসক তপু দ্বীপ দত্ত ও সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। বক্তারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অব্যাহত সাফল্য কামনা করেন।
আলোচনায় উঠে আসে কোম্পানির নৈতিকতা, গ্রাহক সেবা ও কর্মপরিবেশের প্রশংসা। অতিথিরা বলেন, একটি প্রতিষ্ঠান টিকে থাকতে হলে নৈতিকতা ও সেবার মান অপরিহার্য। ন্যাশনাল লাইফ সেই আদর্শেই চলেছে বলে জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরাইল জোনের জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, সহকারী জোনাল ইনচার্জ হুমায়ুন কবিরসহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। দিনব্যাপী এই আয়োজন ছিল আনন্দ, সম্মান ও অতীতের সাফল্য উদযাপনের এক অনন্য উপলক্ষ।