
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ৩:১৫

সংবাদ প্রকাশের জেরে অবশেষে বন্ধ হলো কুমিল্লার দেবীদ্বারে অনুমতি ছাড়া অবৈধভাবে চলা শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা। মেলা আয়োজনে কোন অনুমতি না থাকায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন।
এরআগে দৈনিক ভোরের সূর্যোদয়সহ বিভিন্ন গণমাধ্যমে " প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে চলছে শীতবস্ত্র ও শিল্প পণ্য মেলা" শিরোনামে প্রকাশিত সংবাদের ফলে উপজেলা সহকারী কমিশনার রায়হানুল ইসলামকে মেলা পর্যবেক্ষনে পাঠালে মেলার আয়োজকরা মেলা অনুমতির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারই প্রেক্ষিতে সোমবার দুপুর থেকে মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। মেলা বন্ধ ঘোষণার পর থেকে খুলে নেয়া হয়েছে গেইটের সৌন্দর্য বর্ধনে সামনে লাগানো আলোকসজ্জার বাতি গুলো।

উপজেলা সদরের এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী এ মেলার আয়োজন করেছে। তারা মেলার অনুমতি আছে বলে গত ১ জানুয়ারি থেকে “দুই মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য বাজার” নামে এ মেলার আয়োজন করেছে। মেলায় কাপড় ও ইলেক্ট্রনিক্স পণ্যসহ বিভিন্ন রকমের দোকান-পাট ছিল। সরকারী মালিকানাধীন একটি মার্কেটে অনুমতি বিহীন অবৈধভাবে এ মেলা চলায় স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছিল। মেলার আয়োজকরা প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্থ হলেও ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলছিল না।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আয়োজকরা মেলা অনুমতির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। মেলার অনুমতি না থাকায় আজ থেকে মেলা বন্ধ করে দেয়া হয়েছে।