
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩, ০:৪৫

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু দিয়ে আগামী দুই সপ্তাহ রাতে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ দপ্তর সূত্রে জানা গেছে, সেতু মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার ৭ নভেম্বর সন্ধ্যা থেকে এই নির্দেশনা বাস্তবায়িত হবে।
ভূরুঙ্গামারীর দুধকুমার নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট সেতুর পাটাতন ভেঙ্গে গেছে, লোহার পাতি খুলে গেছে। জীবন জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে।

সোনাহাট স্থলবন্দরের আমদানী ও রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, নতুন সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায় পুরাতন সেতুর ওপর যানবাহনের চাপ বেড়েছে। মেরামতের জন্য এর আগেও সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতুতে দুর্ঘটনা এড়াতে মেরামত কাজ চলবে। মেরামত চলাকালে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মেরামত শেষ হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।