
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৫

পটুয়াখালীর কলাপাড়ায় হাত-পা বেঁধে সাইদুল সরদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ওই এলাকার মৃত তৈয়ব আলী সরদারের ছেলে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খাদিজাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রাতে সাইদুল ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে সাইদুলকে হাত-পা বেঁধে মাথায় ও পেটে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি