
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১৭:১৭

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চ প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদয়ের সাথে সাথে জেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
যেখানে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বরিশাল জেলা ও মহানগর শাখা,বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম,বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,জেলা পুলিশের সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম,সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও প্রতিষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
এদিকে এখানে শ্রদ্ধা জানানো শেষে শহরের ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।সেইসাথে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলামের কবর জিয়ারত ও দোআ-মোনাজাত করা হয়।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরিশালের সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন গুরুত্বপূর্ণ ভবনগুলো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এসময় জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। এরপর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়।
কুচকাওয়াজে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, আর্মড ব্যাটালিয়ন, বরিশাল জিলাস্কুল, সরকারি বালিকা (সদর গার্লস) বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
পাশাপাশি বঙ্গবন্ধু উদ্যানে বিজয় দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে দু’দিন আগে থেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনগুলোতে আলোকসজ্জার মাধ্যমে আলোকিত করা হয়েছে। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে।