
প্রকাশ: ৭ জুলাই ২০২২, ৩:১০

আর মাত্র কয়েকটা দিন পরই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, আফতাবনগর গরুর হাটে দাঁড়িয়ে, বসে আবার গল্প আর আড্ডায় অলস সময় কাটাচ্ছেন গরুর খামারি ও ব্যবসায়ীরা। খড় কুটোর বস্তার ওপর শুয়ে দিন পার করতে দেখা গেছে অনেককেই।
এসব খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন থেকে চারদিন গরু নিয়ে হাটে এলেও বেচাবিক্রি এখনও শুরু হয়নি। খুবই অল্প সংখ্যক ক্রেতা হাটে এলেও দামদর করে ফিরে যাচ্ছেন অনেকেই। তাছাড়া কেউবা আবার হাঁকানো দামের অর্ধেকেরও কম দাম বলছেন। এ নিয়ে মন খারাপ করতেও দেখা গেছে অনেক খামারিকে।
এদিকে নাটোরের সিংড়ার চলনবিল থেকে এসেছেন খামারি সাইফুল ইসলাম। তিনি তিনটি গরু নিয়ে গত চারদিন ক্রেতার অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যে ক্রেতারা চাহিদা মতো দাম না বলায় আক্ষেপ করছেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, বাসা বাড়িতে তিনটি গরু পালন করেছিলাম। এই হাটে নিয়ে এসে চাহিদা মতো দাম পাচ্ছি না। ক্রেতারা যা দাম বলছেন তা পোষাবে না। ঈদের যেহেতু আরও সময় আছে, তাই বিক্রি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আশা করছি ভালো দাম পাব। তাছাড়া একেবারেই যদি দাম না ওঠে ফিরিয়ে তো আর নেয়া যাবে না, শেষ মুহূর্তে টার্গেটের কাছাকাছি দাম পেলেও ছেড়ে দেব।
আর রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে এসেছেন মাসুদ রানা। তিনিও বাসাবাড়িতে পালন করা দুটি গরু নিয়ে এসেছেন আফতাবনগরের এ হাটে। বৃহস্পতিবার সকালে হাটে এসেই ক্রেতার দেখা পেয়েছেন তিনি। কিন্তু চাহিদার অর্ধেক দাম বলায় মন খারাপ মাসুদের। লাল টকটকে গরুর ২ লাখ ৮০ হাজার দামের বিপরীতে ক্রেতা বলেছেন দেড় লাখ টাকা।

তবে মাসুদ জানিয়েছে, সর্বনিম্ন আড়াই লাখ টাকা দাম পেলেও বিক্রি করে দেবেন তিনি।
মাসুদ রানা বলেন, গরু পালন করা অনেক ব্যয়বহুল। খড়-কুটা দাম বেড়েছে। তাছাড়া মাঠেও ঘাস পাতা পাওয়া যায় না। একটা গরুর পিছনে যে পরিমাণ খরচ আর শ্রম দেয়া হয় তা আসলে দাম দিয়ে কেনা যায় না।
দর্শনা থেকে ১৭ টির মতো গরু নিয়ে হাটে এসেছেন মামুন ও তার বড় ভাই মাসুদ। এখনও ক্রেতার দেখা পাননি তারাও। অলস সময় পার করছেন। আগামী দুই দিনের বেচাবিক্রির আশা করছেন তারা। ইতোমধ্যে ক্রেতা যে দাম বলেছেন তাতে খরচা উঠবে না এই খামারির।
মাসুদ কিংবা সাইফুল না। বাসা বাড়িতে পালন করা গরু নিয়ে হাটে এসে বিপাকে পড়েছেন অনেকেই।
হাসিল ঘরের তথ্য মতে, এবারের ঈদে আফতাবনগর গরুর হাটে ২০ হাজারেরও বেশি গরু উঠেছে।