
প্রকাশ: ১৬ জুন ২০২২, ৭:২৫

বুধবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেবীদ্বার উপজেলার ১২ নং ভাণী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আ’লীগে বিদ্রোহী প্রার্থী হাজী জালাল উদ্দিন ভূইয়া (মোটর সাইকেল প্রতীক) বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী হানিফ খাঁন (ঘোড়া প্রতীক)। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছেন তাহমিনা আক্তার মুকুল (নৌকা প্রতীক) প্রার্থী।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী জালাল উদ্দীন ভূইয়া মোটর সাইকেল প্রতীকে ৪৩৭১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী) হানিফ খাঁন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩০৭ ভোট। নৌকা প্রতীকের তাহমিনা আক্তার মুকুল ২৯৯৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ১১জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। বুধবার রাত সোয়া ১০টায় রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী (সোমবার) সপ্তম ধাপে ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল নির্বাচনের পূর্ব রাতে (৬ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যান। এ কারণে ওই ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সব পদে ভোট গ্রহণ স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম। নুরুজ্জামান ভূঁইয়া মুকুল ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর স্থগিত নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার পর ভাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীক বরাদ্ধ পান তার স্ত্রী তাহমিনা আক্তার মুকুল।