
প্রকাশ: ৬ জুন ২০২২, ২৩:৫৫

আজ ৬জুন নাটোরের লালপুরে জনপ্রিয় আ.লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ১৯ তম শাহাদাৎ বার্র্ষিকী। লালপুরের ইতিহাসে আজ এক শোকের দিন। এই দিনটি লালপুরের মানুষের নিকট শোকাহত রক্তাক্ত ৬জুন হিসেবে খ্যাত।
২০০৩ সালের ৬ জুন রাত ১০টার দিকে দলীয় কাজ সেরে সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন গোপালপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আব্দুলপুরের মিল্কিপাড়া গ্রামে ফেরার পথে গোপালপুর-সালামপুর সড়কের দাঁইড়পাড়া-নেঙ্গপাড়া সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে জোট সরকারের সন্ত্রাসীরা নির্মমভাবে মমতাজ উদ্দিন কে কুপিয়ে হত্যা করে। তার এই অকাল মৃত্যুতে লালপুরের আ.লীগ নেতৃত্বশূণ্য হয়ে পরে। পরদিন ৭ জুন লালপুর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়।
জনপ্রিয় এই বর্ষিয়ান নেতাকে হারিয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়ার) আসনের আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নেমে আসে এক অন্ধকারের ঘনঘটা। ২০০৩ সালের ৭জুলাই শহীদ জননেতা মমতাজ উদ্দিনের স্মরণে করিমপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
যে স্থানে শহীদ মমতাজ উদ্দিন কে হত্যা করা হয় সেই স্থানে তার স্মৃতির স্মরণে চিরঞ্জিব শহীদ মমতাজ উদ্দিন নামে একটি স্মরণ সৌধ তৈরী করা হয়। তৎকালীন ২০০৪ সালের ৬ জুন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্মরণ সৌধটি উদ্বোধন করেন। এর পর থেকে প্রতিবছর ৬জুুনে লালপুর-বাগাতিপাড়া উপজেলার আ.লীগ ও তার সহযোগি সংগঠন ও মমতাজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, স্মরণ সভা, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এই দিনটি পালন করে আসছে।


এদিকে লালপুর-বাগাতিপাড়ার আ.লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সাধারাণ মানুষেরা ওই দিনটির কথা আজও ভুলতে পারেন নি। মমতাজ উদ্দিন আজও বেঁচে আছেন লালপুর-বাগাতিপাড়াবাসীর মাঝে আর এভাবেই মমতাজ মানুষের মাঝে বেঁচে থাকবে চিরোকাল।
মমতাজ উদ্দিনের স্মৃতিকে ধরে রাখতেই তার ভাই নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ এ্যাড. আবুল কালাম আজাদ ২০১৬ সালে শহীদ মমতাজ উদ্দিন ফাউন্ডেশন গঠন করে। এই ফাউন্ডেশনের সভাপতি ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সম্পাদক ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী। শহীদ মমতাজ উদ্দিন ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই লালপুর-বাগাতিপাড়ার কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, পুুরস্কার ও ক্রেষ্ট বিতরণ করছে ফাউন্ডেশনটি।
লালপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক ইসাহাকা আলী জানান, ‘শহীদ মমতাজ উদ্দিনের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সকাল ৮টার সময় স্মৃতি সৌধ প্রাঙ্গনে পুস্পস্তব অর্পন, মিলাদ মাহফিল ও পাটি অফিসে দলীয় পতাকা অর্ধনিমিত ও জাতীয় পতাকা উত্তোলন ও সন্ধ্যায় শহীদ মমতাজ উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হবে। এছাড়াও গোপালপুর পৌরসভাসহ ও প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল করা হবে বলে জানিয়েছেন তিনি।’
উল্লেখ্য, মমতাজ উদ্দিন ১৯৮৬ সালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে এই আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।