
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১৮:৬

শেরপুরের নকলা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক।বুধবার (২০ এপ্রিল) সকালে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার গড়েরগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দার পিপড়াকান্দা গ্রামের মৃত ওমেদ আলীর দুই ছেলে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪)।
জানা গেছে, শেরপুরের নালিতাবাড়িতে গরু বিক্রি করে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে ভটভটিতে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওনা হন দুই ভাই। এ সময় পথে নকলার গড়েরগাঁও মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটিতে থাকা চালক বাবুল মিয়া, যাত্রী হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ সময় সেখান থেকে নিয়ে যাওয়ার পথে তারাকান্দা এলাকায় দুই ভাইয়ের মৃত্যু হয়। আর ভটভটিচালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। তবে ভটভটিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি