
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১৮:৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার আরও দুই ভাই।বুধবার (২০ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, মঙ্গলবার (১৯ এপ্রিল) গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইছাপুরায় মধ্যরাতে স্থানীয় মামুন ওরফে হাতকাটা মামুন ও রনি মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রনি মোল্লা এবং তার দুই ভাই সোহেল ও তৌকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে আহত অবস্থায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করে। তবে সোহেল ও তৌকির সেখানেই চিকিৎসাধীন।

নিহত রনির স্বজনদের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ২১ মামলার আসামি হাতকাটা মামুন রনিকে কুপিয়ে খুন করেছে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, এ সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি