
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১৭:৫১

চট্টগ্রামের পটিয়ায় একদল দুর্বৃত্তের হামলায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কসহ তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে পটিয়া উপজেলার জঙ্গলখাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামী ২৩ এপ্রিল পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গলখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তার বাড়িতে দাওয়াত কার্ড দিতে যান উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেন। সেখান থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হন।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ ডিএম জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেনকে (৪০) উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, জঙ্গলখাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় গোলাগুলির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে জানতে চেষ্টা করছি। গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি