
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ২২:২৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো রিকশার চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই গৃহবধুর নাম মাহফুজা খাতুন (১৯)। সে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের ধামের হাট বাজার সংলগ্ন মাইদুল ইসলাম বাবুর স্ত্রী।
স্থানীয় ও পারিবার সূত্রে জানাগেছে, সোমবার রাতে ব্যাটারি চালিত অটো রিকশা চালক বাবু তার নিজ বাড়িতে অটো রিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে বাবুর স্ত্রী মাহফুজা অটোরিকশার চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে যায়। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মাহফুজা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
