
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ২০:১৮

সোমবার রাত থেকে শুরু হওয়া ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের চলমান সংষর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।দ্রুত সময়ের মধ্যে এ সংঘাত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।মঙ্গলবার তিনি একটি গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, অনেক জটিল পর্যায়ে চলে গেছে ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ। এটি নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এ বিষয়ে নিউমার্কেট পরিচালনা কমিটি ও ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক ও ব্যবসায়ীদের বলা হয়েছে মার্কেটের ভেতরে ঢুকে তালা লাগিয়ে দিতে। পুলিশের সহায়তায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসের মধ্যে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, আশেপাশের ভবনগুলোর উপর থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছে বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে। তবে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।সোমবার রাতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। পরে মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সকালে ফের সংঘর্ষে জড়িয়েছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা যায়, উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি


ব্যবসায়ীদের একটি অংশ রাস্তায় নেমে শিক্ষার্থীদের সঙ্গে চলা সংঘর্ষে অংশে নিচ্ছে। আরেকটি অংশ ইট, পাথর সরবরাহ করছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি।
এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাঠি, রড হাতে সড়কে নেমে এসে ঢিল ছুড়তে শুরু করে। এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়।তার আগে রাতের সংঘর্ষের জেরে এদিন সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ওই রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।