
প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ১৮:৪

রাজশাহীর চারঘাটে উপজেলায় মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় খোকন আলী (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চারঘাট, পুঠিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামে এ ঘটনা ঘটে।সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেন পক্ষের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিম পক্ষের কমিটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সেলিম পক্ষের লোকজন মসজিদে ইফতার করতে গেলে মুকুল পক্ষের লোকজন প্রতিপক্ষ সেলিম পক্ষের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন এবং খোকন আলী (২৫) নামের একজন নিহত হয়েছেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় খোকন আলী নামের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বর্তমানে এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি