
প্রকাশ: ১ এপ্রিল ২০২২, ১৮:৩৪

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। শুক্রবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিহাতী পৌর এলাকার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে অটো চালক রমজান আলী (৫৫) এবং বীরবাসিন্দা বীর বাসিন্দা গ্রামের রীনা বেগম (৩০)।গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানিয়েছেন, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় কালিহাতী থেকে ছেড়ে আসা একটি পিকআপ হামিদপুরের দিকে যাওয়ার পথে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালকসহ দুইজন। আহত হয় ৬ যাত্রী। পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দু'টি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
