
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ৫:৪৯

চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, গৃহ-নির্মাণ সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি ও বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় জাতীয় পার্টির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের সামনে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাপার সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুলসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিটি দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। তা না হলে আগামী নির্বাচনে মানুষ এ সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরোও জোরদার করতে হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
