
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০:৩২

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, ক্ষুধা মুক্ত বাংলাদেশ' প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক সাইলো (মটকা) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তমঞ্চে ১০০টি পরিবারকে পারিবারিক সাইলো দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলা ৫ হাজার পরিবারকে সাইলো দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী। অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলী আকবর, জয়মনিরহাট খাদ্য গুদাম কর্মকর্তা মামুন অর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইলো নিতে আসা আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের ছমিরণ বেগম বলেন, 'এইটা (সাইলো) পেয়ে ভালো হলো। ধান-চাল রাখতে সুবিধা হবে।'

খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি জয়মনিরহাট খাদ্য গুদাম কর্মকর্তা মামুন অর রশীদ জানান, ‘দুর্যোগ প্রবণ এলাকার মানুষের খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে। প্রতিটি সাইলোতে ৭০ কেজি চাল রাখা যাবে। উপজেলার ৫ হাজার পরিবারকে সাইলো দেওয়া হবে।'