
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ২৩:১৩

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মা-বাবাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে মঞ্জুর আলম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।মঙ্গলবার দুপুরে এমন অভিযোগ তুলে ইউপি সদস্যের বাবা মো. আব্দুল করিম স্থানীয় ইউপি চেয়ারম্যান, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযুক্ত মঞ্জুর আলম ওই উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।জানা গেছে, সাপ্টিবাড়ী ইউনিয়নের বালাপুকুর গ্রামের মঞ্জুর আলমকে বিয়ে দেন তার বাবা আব্দুল করিম। বিয়ের পর থেকে স্ত্রীকে কারণে-অকারণে নির্যাতন শুরু করেন মঞ্জুর আলম। এক সময় স্ত্রী রাবেয়া বেগমকে বাড়ি থেকে বের করে দেন। এ দিকে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মঞ্জুর। এসব ঘটনার প্রতিবাদ করলে মঞ্জুর আলম তার বাবা আব্দুল করিম ও মা মর্জিনা বেগমকে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
বৃদ্ধা আব্দুল করিম ও মর্জিনা বেগম জানান, তাদের ছেলে প্রথমে স্ত্রীকে বের করে দেয় ও দ্বিতীয় বিবাহ করেন। এসবের প্রতিবাদ করলে তাদের ছেলে তাদের নানা হুমকি দেয়। তা ছাড়া তার কাছে জমা রাখা টাকা চাইতে গিয়ে গালিগালাজ শুনতে হয় এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

বর্তমানে প্রতিবেশী রাজ্জাকের পরিত্যক্ত একটি ঘরে ঠাঁই হয়েছে তাদের। তবে ইউপি সদস্য মঞ্জুর আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন।আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি