
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩৬) ও তার মেয়ে মাহফুজা আক্তার (৭)।
জানা গেছে, আজ সোমবার সকালে ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে ভ্যানযোগে শিবচর বাজারের উদ্দেশে রওনা হন জেসমিন ও তার মেয়ে মাহফুজা। ভ্যানটি তাদের বাড়ি থেকে কিছুটা দূরে ডঙ্কুরপাড় গেলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মা-মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, এ ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে পুলিশের একাধিক টিম নামানো হয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দিলে আমলে নেওয়া হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি