
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এবার থেকে সরাসরি মামলা দায়ের এবং মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। জনদুর্ভোগ কমাতে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, যত্রতত্র ময়লা জমছে এবং পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। নগরবাসীকে এ দুর্ভোগ থেকে মুক্তি দিতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি।
তিনি আরও বলেন, মানবিকতার অজুহাতে রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। সিটি করপোরেশনের নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসক জানান, আগামী সপ্তাহে সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই সড়কের ওপর হকার বসতে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, মশার প্রজনন রোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। এ বিষয়ে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র্যালি ও প্রচারণা চালানো হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

এদিকে, মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে সেটি স্থানান্তর করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজও চলছে, যা চলতি মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
ক্লিনিং ডে উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় প্রশাসক বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ ও অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম পরিদর্শন করেন। কর্মসূচিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।