
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ২:৪৫

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের টিকিট পেয়ে নৌকা মার্কা নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈচুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন টেলিনা সরকার হিমু।। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার আপন মামা শ্বশুর সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী। মাঠ চষে বেড়াচ্ছেন দু’জনই। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি। চেয়ারম্যান পদে শ্বশুর-বউমা’র লড়াই উপজেলায় বেশ সাড়া ফেলেছে। বিষয়টি এখন সাধারণ মানুষের মুখে মুখে। শ্বশুর-বউমা প্রার্থী হওয়াটাকে আনন্দভরেই গ্রহণ করেছেন ইউনিয়নের ভোটাররা।
হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারী দুলালের অকাল মৃত্যু হয়। এবার চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী করেছেন দুলালের স্ত্রী হিমু সরকারকে। হিমু আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ছাড়াও দলের উপজেলা এবং জেলা নেতারা অংশ নিচ্ছেন তার নির্বাচনী প্রচারণায়। দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
অপর দিকে আইয়ুব আলী চৌধুরীও সব দল মতের মানুষকে সাথে নিয়ে দিন রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় তার একটা প্রভাব ও গ্রহণ যোগ্যতাও রয়েছে। সেটি কাজে লাগাতে চেষ্টা করছেন তিনি। বৈরচুনা ইউনিয়নে জমে উঠেছে শ্বশুড়-বউমা’র লড়াই। কেউ কাউকে ছাড় দিচ্ছেন না।

বৈরচুনা বাজারের মোটরসাইকেল শো রুমের মালিক ইব্রাহীম খলিল বলেন, তাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে শ্বশুর-বউমা লড়ছেন। এতে বেশ মজা পাচ্ছি আমরা। এ নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই। মুদি দোকানদার মোশারফ হোসেন ও আব্দুল হক বলেন, কেউ কম না। লড়াই ভালই হচ্ছে। হিমু সরকার বলেন, সুখে-দুঃখে এলাকারবাসীর পাশে থাকতে নির্বাচনে অংশ নিয়েছি। আশা রাখি জনগণ আমাকেই নির্বাচিত করবে।
অপর দিকে আইয়ুর আলী চৌধুরী বলেন, আমি এর আগে এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। জনগণ আমাকে চিনেন। সব সময় জনগণের পাশে ছিলাম এবং আগামীতেও থাকতে চাই। শ্বশুর-বউমা ছাড়াও ঐ ইউনিয়নে চেয়াম্যান পদে আরো ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।