প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৩:৩

রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জারি করা এক সরকারি আদেশের পর তিনি রাজশাহী ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তার স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়। তবে সরকারি আদেশে তাকে সরিয়ে দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর সময় রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ ওঠে বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করেই তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্য অনুযায়ী, রংপুরের কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। এ সময় বিমানবন্দরের ভিআইপি ফটকের বাইরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
প্রটোকল অনুযায়ী, উপস্থিত ব্যক্তিদের সঙ্গে একে একে করমর্দন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী করমর্দনের পর প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কোলাকুলির চেষ্টা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দেননি। ঘটনাটি উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একজন।

প্রধানমন্ত্রী রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার পরপরই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সরকারি প্রটোকল ও শিষ্টাচার অনুসরণের বিষয়টি সামনে এনে অনেকে প্রতিক্রিয়া জানান।
এরপর রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে, আদেশ হাতে পাওয়ার পর রাত ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
উল্লেখ্য, গত ২০ আগস্ট অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই তাকে ওই পদ থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।